যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরণের আনুষ্ঠানিক আলোচনা শুরু করার আগে দুটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং আন্তর্জাতিকভাবে জব্দ করা ইরানের বিপুল পরিমাণ অর্থ ফেরত না দিলে ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় গালিবাফ দাবি করেন, দুই পক্ষের মধ্যে আগে পারস্পরিক সম্মতি হওয়া সত্ত্বেও এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও বাস্তবায়ন করেনি যুক্তরাষ্ট্র।
গালিবাফ আরও উল্লেখ করেন, আলোচনার টেবিলে বসার পূর্বশর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং ইরানের জব্দকৃত সম্পদের ছাড় পাওয়া অপরিহার্য। মূলত পাকিস্তানের ইসলামাবাদে যখন দুই দেশের প্রতিনিধিরা অবস্থান করছেন, ঠিক সেই মুহূর্তে ইরানের পক্ষ থেকে এমন কঠোর ঘোষণা আসায় সংলাপের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইসরায়েল কর্তৃক লেবাননে হামলা অব্যাহত রাখা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাবকে ইরান বড় প্রতিবন্ধক হিসেবে দেখছে। তেহরান মনে করছে, এই দুটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয়।