যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষকে তীব্র ক্ষুধার মুখে ঠেলে দিতে পারে। ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ের (বসন্তকালীন বৈঠক) ফাঁকে ফরাসি সংবাদসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভয়াবহ সতর্কবার্তা উচ্চারণ করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল।
খাদ্য নিরাপত্তাহীনতার চরম ঝুঁকি
ইন্দরমিত গিল বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষ আগে থেকেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (Acute food insecurity) ভুগছেন।” তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বাড়তে থাকলে এই সংখ্যাটি ‘খুব, খুব দ্রুত’ আরও অন্তত ২০ শতাংশ বেড়ে যেতে পারে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা?
বিশ্বব্যাংকের এই শীর্ষ অর্থনীতিবিদ জানান, যেসব দেশ বর্তমানে যুদ্ধবিধ্বস্ত বা যাদের সরকারি কাঠামো অত্যন্ত ভঙ্গুর, তারাই এই আসন্ন খাদ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতির যদি শিগগিরই কোনো সমাধান না হয়, তবে এসব দেশে ব্যাপক হারে ক্ষুধা বা দুর্ভিক্ষ হানা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
সংকটের আসল প্রভাব আসছে কয়েক মাস পরই
বর্তমান বাজার পরিস্থিতি ও ভবিষ্যতের শঙ্কা নিয়ে গিল বলেন, “এখন বাজারে যে খাদ্যশস্য বা খাবার পাওয়া যাচ্ছে, তা আগে থেকেই উৎপাদিত।” তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে এর আসল ও ভয়াবহ প্রভাব টের পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।