• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানের আইনি জটিলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার বহুল আলোচিত রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচার মামলায় তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগমুহূর্তে—বিশেষ করে প্রথম দফার ভোটের ঠিক আগের দিন—ইডির এই আকস্মিক তলব রাজ্য রাজনীতি ও বিনোদন পাড়ায় নতুন করে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যম ও তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময়ে পশ্চিমবঙ্গের বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে রেশনের গম ও চাল পাচারের সময় বেশ কিছু ট্রাক আটক হয়েছিল। সেই সময় বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন নুসরাত জাহান। ইডি কর্মকর্তাদের জোরালো সন্দেহ, ওই এলাকার তৎকালীন জনপ্রতিনিধি হিসেবে এই আন্তর্জাতিক পাচারচক্র ও এর বিশাল আর্থিক লেনদেনের বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। মূলত সেই যোগসূত্র খুঁজতেই এবং তার বয়ান রেকর্ড করতে এই তলব করা হয়েছে। এর আগেও ২০২৩ সালে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি। ফলে নতুন করে এই রেশন দুর্নীতিতে নাম জড়ানোয় তার ক্যারিয়ার ও রাজনৈতিক ভাবমূর্তি বেশ বড়সড় সংকটের মুখে পড়েছে।

তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা এড়াতে ইতোমধ্যেই ইডির কাছে একটি পাল্টা আবেদন জানিয়েছেন এই তারকা অভিনেত্রী। তিনি কলকাতায় হাজিরা না দিয়ে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে গিয়ে কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও তদন্তকারীরা তার এই আবেদন মঞ্জুর করবেন কি না, তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এদিকে ইডির তলবের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন নুসরাত। তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে জানিয়েছেন, আইনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হলেও তদন্ত শেষে সত্য ঠিকই বেরিয়ে আসবে। কেন্দ্রীয় সংস্থা যেসব তথ্য চাইবে, তা দিয়ে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

ইডির এই তৎপরতা এমন এক সময়ে সামনে এল, যখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা নির্বাচনের চরম উত্তাপ বইছে। টানা পাঁচ বছর বসিরহাটের সাংসদ থাকলেও এবারের নির্বাচনে নুসরাতকে আর টিকিট দেয়নি তৃণমূল। তা সত্ত্বেও তিনি দলের একজন তারকা প্রচারক হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বেশ সক্রিয় রয়েছেন। রাজনীতির ময়দানের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি পার করছেন চরম ব্যস্ত সময়। জীবনসঙ্গী যশ দাশগুপ্তের সঙ্গে মিলে তাদের নিজেদের প্রযোজনা সংস্থা ‘ওয়াইডি ফিল্মস’-এর কাজ এবং নিজস্ব অভিনয় ক্যারিয়ার নিয়েই বর্তমানে বেশি মনোযোগী এই অভিনেত্রী। আইনি এই নতুন ঝড় সামলে নুসরাত আগামী দিনে কী পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category