লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিহত দুই প্রবাসী হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহ প্রদেশের জেবদিন এলাকার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী এই ড্রোন হামলা চালায়।
আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে। একইসঙ্গে দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা এবং নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জোরালো আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে আরও এক বাংলাদেশি নারী শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।