• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে শিশু রামিসা হত্যার বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মর্মান্তিক ঘটনায় দায়ের করা মামলার বিচারকার্য বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মামলার দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পাশাপাশি সহযোগী অপরাধী হিসেবে নিজের স্ত্রীর নাম উল্লেখ করায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে দ্রুততম সময়ে ডিএনএ টেস্ট করানো হয়েছে এবং মাত্র তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করে শনিবার বিকেলে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টও হাতে পৌঁছেছে। সব রিপোর্ট একসঙ্গে কম্পাইল করে শনিবার রাতেই চার্জশিট প্রণয়নের কাজ শেষ করে রোববার তা আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার বিচার দ্রুত শেষ করতে একজন ‘স্পেশাল পিপি’ নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, আদালত ছুটিতে যাওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির মাধ্যমে এই বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই চাঞ্চল্যকর মামলার বিচারকার্য সমাপ্ত হবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে আশা প্রকাশ করেন।

পল্লবীর ঘটনার রেশ কাটতে না কাটতেই কলাবাগানে আট বছরের আরেক শিশুর সাথে একই ধরনের ঘটনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ধর্ষণের মাত্রা ও সংখ্যা এখন সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে, যা মূলত সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাবের ফল। কিছু অপসংস্কৃতির কারণে এমনটি ঘটছে উল্লেখ করে তিনি সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরার ওপর জোর দেন। সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা ও বিচার নিশ্চিত করা। গত তিন মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় সরকার সফল হয়েছে এবং ভবিষ্যতেও ঘৃণ্য অপরাধে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় আয়োজিত এই সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category