রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে লাইসেন্স বাতিলের এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্পষ্ট করেছিলেন যে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সন্তুষ্ট নয়।
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্–দ্বীন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয়টি নবজাতকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর পরই ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব দেওয়ার জন্য গত ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
এর আগে গত শনিবার মিন্টো রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়েছিলেন, শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালটির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা অসন্তোষজনক প্রমাণিত হওয়ায় আজ তাদের লাইসেন্স বাতিল করা হলো।