• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বিপুল অবৈধ সম্পদ অর্জন ও পরিচয় গোপন করে পাসপোর্ট জালিয়াতি মামলার প্রধান আসামি, আওয়ামী লীগ আমলের বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া এক জরুরি বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মূলত পাসপোর্ট জালিয়াতির সুনির্দিষ্ট মামলায় তাকে সেখানে আটক করা হয়েছে।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে গত বছরের ১১ই এপ্রিল ২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা থেকে ইন্টারপোলে আবেদন পাঠানো হয়। ইন্টারপোল দীর্ঘ পর্যালোচনার পর বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে এবং সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে গ্রেফতারের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।”

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও অবহিত করেন যে, গত ১২ই জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ (এনসিবি আবুধাবি) থেকে প্রেরিত একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে ইউএই পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

ইউএই ফেডারেল ল’ (আইন নম্বর ৩৯, ২০০৬) অনুযায়ী, গ্রেফতারের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ বা প্রত্যর্পণ প্রস্তাব সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশের দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনসহ বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের একাধিক ধারায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে তার প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। অতি দ্রুত কূটনৈতিক চ্যানেলে এই প্রত্যর্পণ প্রস্তাব পাঠিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে “বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য” এবং দেশে “আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক” হিসেবে উল্লেখ করেন।

২০২৪ সালের ১৪ই অক্টোবর পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে বেনজীর আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালে পুলিশের ডিআইজি পদে কর্মরত থাকাকালীন বেনজীর নিজের আসল পরিচয় ও সরকারি চাকরিজীবী পদমর্যাদা সম্পূর্ণ আড়াল করেন। তিনি বিভাগীয় অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে ‘প্রাইভেট সার্ভিস’ বা বেসরকারি চাকরিজীবী হিসেবে উল্লেখ করে সাধারণ সবুজ পাসপোর্ট গ্রহণ করেন।

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে দায়িত্ব পালনকালেও তিনি দিনের পর দিন আইন লঙ্ঘন করে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্ট নবায়ন করে গেছেন।

২০১৬ সালে র‍্যাব প্রধান থাকাকালীন তাঁর এই জালিয়াতি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে এলে আবেদনটি আটকে দেওয়া হয়। কিন্তু কোনো এনওসি জমা না দিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে চাপের মুখে একদিনের ব্যবধানে তিনি পাসপোর্টটি ছাড়িয়ে নেন। ২০২০ সালে দেশের ৩০তম আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিনিয়র সচিব পদমর্যাদা অনুযায়ী তাঁর লাল রঙের ‘কূটনৈতিক পাসপোর্ট’ পাওয়ার কথা থাকলেও, তিনি তা না নিয়ে জালিয়াতির মাধ্যমে সাধারণ ই-পাসপোর্ট নেন। এমনকি ছবি তোলা ও আঙুলের ছাপ দেওয়ার জন্য তিনি নিজে অফিসে না গিয়ে, অসুস্থতার অজুহাতে পাসপোর্ট অফিসের মোবাইল ইউনিটকে নিজের বাসায় ডেকে নিয়ে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। এই জালিয়াতি চক্রে সহায়তার অভিযোগে পাসপোর্টের সাবেক দুই পরিচালকসহ চার কর্মকর্তার বিরুদ্ধেও দুদক মামলা করেছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category