• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ পর্যন্ত বাড়াল রাশিয়া

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ডিজেল ও গ্যাসোলিন (পেট্রোল) রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় রুশ সরকার।

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দেয় এবং দাম বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় প্রথমে ৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত ডিজেল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর আগেই গ্যাসোলিন ও জেট ফুয়েল রপ্তানিতেও বিধিনিষেধ জারি করে মস্কো।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাময়িকভাবে গ্যাসোলিন, ডিজেল, মেরিন ফুয়েল ও গ্যাস অয়েল রপ্তানি বন্ধ থাকবে।

তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে উৎপাদকদের জন্য ডিজেল, মেরিন ফুয়েল ও গ্যাস অয়েল রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হবে। অর্থাৎ এসব পণ্যের উৎপাদকরা নির্ধারিত শর্তে রপ্তানির সুযোগ পাবেন।

রুশ সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তঃসরকারি চুক্তি এবং মানবিক সহায়তার আওতায় জ্বালানি রপ্তানি আগের মতোই চালু থাকবে।

এ ছাড়া ফসল কাটার মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আগামী ১ নভেম্বর পর্যন্ত বিশেষ অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও স্থানীয় প্রতিষ্ঠানের যানবাহনের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পৃথক একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category