• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline
ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়? লোকসানের মুখে উত্তরের কৃষকেরা: ধানের কম দাম ও সংগ্রহে পদে পদে অনিয়ম চারদেয়ালেও নিরাপত্তাহীনতা: ৬ মাসে ১৮ ঘটনায় ৪৭ খুন আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কথা ভাবছে সরকার যৌন কেলেঙ্কারির ক্ষতিপূরণ দাবি ৯৮ কোটি, অভিনেত্রী পেলেন ৫ কোটি ছাদের অব্যবহৃত পরিসরে বছরে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের মেগা পরিকল্পনা আলোচনায় ইউনাইটেড এর যুবদলে খেলা বাংলাদেশী বংশদ্ভূত মোহাম্মদ নেহাল ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্কে মিথ্যা তথ্যের বিষবাষ্প: শত কোটি ডলারের গোপন ইসরায়েলি প্রচার অভিযান হিমালয়ের চূড়ায় গলিত বরফের তাণ্ডব: উজানের আকস্মিক ঢল কি বাংলাদেশের জন্য মহাবিপদের পদধ্বনি?

ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সপ্তাহান্তের ছুটির দিন। অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে দিয়ে আরও ঘণ্টাখানেক লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার সেরা সুযোগ। সারা সপ্তাহের কাজের চাপে যে ঘুমের ঘাটতি হয়েছে, ছুটির দিনে অনেকেই তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন । কিন্তু বিষয়টি যদি উল্টোভাবে ভাবা হয়? ধরুন, সামনে আপনার খুব ব্যস্ত সময় আসছে। তখন হয়তো ঠিকমতো ঘুমানোর সময় পাবেন না। সেই ভবিষ্যতের কথা ভেবে আগেভাগেই কি বাড়তি ঘুমিয়ে নেওয়া যায়? একেই বলা হচ্ছে ‘স্লিপ ব্যাংকিং’ বা ঘুম জমিয়ে রাখা।

টাকা যেমন ব্যাংকে জমা রাখলে বিপদের সময় কাজে লাগে, গবেষকদের মতে ঘুমও নাকি তেমনি জমিয়ে রাখা সম্ভব। এতে পরে রাত জাগলে শরীর ও মনের ওপর চাপ কম পড়ে।

‘স্লিপ ব্যাংকিং’ আসলে কী?
সহজ কথায়, কম ঘুমের সময় আসার আগেই কয়েক রাত ধরে বেশি সময় ঘুমানো। গবেষকরা বলছেন, এটি একটি কার্যকর কৌশল হতে পারে। এতে মস্তিষ্ক প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে রাখে। ফলে যখন ঘুমের ঘাটতি দেখা দেয়, তখনো মনোযোগ ও কর্মক্ষমতা অটুট থাকে।

গবেষকদের মতে, ঘুম জমিয়ে রাখা কার্যকরী হতে পারে ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে স্বাস্থ্যসচেতনদের মধ্যে এই ধারণা এখন বেশ জনপ্রিয়। দীর্ঘ বিমান ভ্রমণ বা বড় কোনো কাজের আগে তারা এই ‘সেফটি নেট’ বা সুরক্ষকবচ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

গবেষণা কী বলছে?
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াল্টার রিড আর্মি ইনস্টিটিউট অফ রিসার্চ-এর গবেষকরা প্রথম এই ধারণা সামনে আনেন। ট্রেসি রাপের নেতৃত্বে একদল গবেষক সেনাদের ওপর একটি পরীক্ষা চালান। সেখানে ২৪ জন সেনাসদস্যকে দুটি দলে ভাগ করা হয়। এক দলকে রাতে সাত ঘণ্টা এবং অন্য দলকে ১০ ঘণ্টা বিছানায় থাকার সুযোগ দেওয়া হয়।

পরের সপ্তাহে দুই দলের সদস্যদেরই ঘুমের সময় কমিয়ে মাত্র তিন ঘণ্টায় নামিয়ে আনা হয়। ফলাফল ছিল চমকপ্রদ। যারা আগেভাগে ১০ ঘণ্টা করে ঘুমিয়ে ‘ব্যাংকিং’ করেছিলেন, কম ঘুমের ধকল তারা অনেক ভালো সামলাতে পেরেছেন। তাদের মনোযোগ ও সতর্ক থাকার ক্ষমতা অন্যদের চেয়ে বেশি ছিল।

পরবর্তী সময়ে আরও গবেষণায় এর সুফল মিলেছে। ২০২৩ সালে মায়ামির একটি হাসপাতালে চিকিৎসকদের ওপর চালানো এক গবেষণায় দেখা যায়, নাইট শিফট শুরুর আগে তিন রাত ৯০ মিনিট করে বেশি ঘুমানোর ফলে তাদের কর্মক্ষমতা বেড়েছে।

খেলোয়াড়দের ক্ষেত্রেও এটি দারুণ কাজ করে। রাগবি খেলোয়াড়রা তিন সপ্তাহ ধরে রাতে ১০ ঘণ্টা ঘুমিয়ে শারীরিক ধকল কমিয়েছেন। আবার টেনিস খেলোয়াড়রা এক সপ্তাহ ৯ ঘণ্টা করে ঘুমিয়ে তাদের সার্ভ করার দক্ষতা বাড়িয়েছেন। বাস্কেটবল খেলোয়াড়দের ক্ষেত্রেও দেখা গেছে, বেশি ঘুমানোর ফলে তাদের ক্ষিপ্রতা ও লক্ষ্যভেদের ক্ষমতা বেড়েছে।

পিগি ব্যাংক নাকি ক্রেডিট কার্ড?
তবে সবাই যে এই তত্ত্বে একমত, তা নয়। অনেক গবেষকের মতে, শরীরের পক্ষে ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘুম ‘জমিয়ে’ রাখা সম্ভব নয়। তাদের যুক্তি, আমরা যখন বেশি ঘুমাচ্ছি, তখন হয়তো আমরা ভবিষ্যতের জন্য জমাচ্ছি না, বরং অতীতের ঘুমের ঋণ শোধ করছি।

হ্যাকেনস্যাক মেরিডিয়ান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. পিটার পোলস বলেন, ‘ঘুমের সময় আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ চলে। হরমোন ও বিপাকীয় সমস্যাগুলোর সমাধান হয় ঘুমের মধ্যে। মস্তিষ্কের জন্য এটি চিন্তা গুছিয়ে রাখার সময়।’

ইউনিভার্সিটি অফ মিনেসোটার নিউরোলজির অধ্যাপক মাইকেল হাওয়েল জানান, শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের মেরামতের জন্য ঘুম অপরিহার্য। সারা দিন আমাদের মস্তিষ্ক ও শরীরে যেসব বর্জ্য জমে, ঘুমের সময় তা পরিষ্কার হয়।

প্রাপ্তবয়স্কদের সাধারণত রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। ডা. হাওয়েল বলেন, ‘পর্যাপ্ত বিশ্রাম না পেলে মস্তিষ্ক বর্জ্য পরিষ্কার করতে পারে না। ফলে পরদিন মনোযোগ দেওয়া বা নতুন কিছু শেখা কঠিন হয়ে পড়ে।’

কখন ঘুম জমা করবেন: সকালে না রাতে?
যারা ‘স্লিপ ব্যাংকিং’ করতে চান, তাদের জন্য ডা. হাওয়েলের পরামর্শ হলো—ব্যস্ত সময় শুরু হওয়ার এক বা দুই সপ্তাহ আগে থেকে প্রতি রাতে ৩০ থেকে ৬০ মিনিট বেশি ঘুমান।

ঘুম কম হলে বিরতি দিয়ে দিয়ে অল্প সময় করেও ঘুমিয়ে নেয়া যেতে পারে।
তিনি মনে করেন, সকালে অ্যালার্ম দেরি করে দেওয়া বা একটু বেশি সময় ঘুমানো সহজ। কারণ মানুষ সাধারণত আগে ঘুমানোর চেয়ে দেরি করে ঘুম থেকে উঠতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে ডা. পোলস বলেন, যাদের সকালে ওঠার তাড়া আছে, তাদের জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়াই ভালো। এ ছাড়া দিনের বেলা অল্প সময়ের ঘুম বা ‘ন্যাপ’ নেওয়াও ঘুম জমা করার কার্যকর উপায় হতে পারে।

দ্বিমত যেখানে
হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজির অধ্যাপক এলিজাবেথ ক্লারম্যান অবশ্য ‘স্লিপ ব্যাংকিং’ ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন। তিনি বলেন, ‘ঘুম পিগি ব্যাংকের মতো নয়, বরং ক্রেডিট কার্ডের মতো। আপনি ঘুমের ঋণ করতে পারেন, কিন্তু আগেভাগে ঘুম জমিয়ে উদ্বৃত্ত রাখতে পারেন না।’

তার মতে, ক্লান্ত না হলে মানুষ ঘুমাতে পারে না। তিনি সতর্ক করে বলেন, স্লিপ ব্যাংকিং কার্যকর ভেবে মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কম ঘুমানো শুরু করে, তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। তিনি ৪৫ মিনিটের বেশি ন্যাপ নেওয়ার বিপক্ষে। কারণ এতে ‘স্লিপ ইনার্শিয়া’ বা ঘুম থেকে ওঠার পর মাথা ভারি হওয়ার সমস্যা হতে পারে।

শেষ কথা
ঘুম ভবিষ্যতে ব্যবহারের জন্য জমানো হোক বা অতীতের ঋণ শোধ করা হোক—রাতে একটু বাড়তি ঘুম শরীরের জন্য উপকারী বলেই মনে হচ্ছে। তবে ডা. পোলস সতর্ক করেছেন, ‘স্লিপ ব্যাংকিংকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখা উচিত নয়। সব সমস্যার সমাধান এতে মিলবে না।’

তার পরামর্শ হলো, দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হলে নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category