ঢালিউডে ফের জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ ও সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দর্শকের সাড়া পাওয়ার পর এবার তাদের দেখা যাবে নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ।
সিনেমাটি প্রযোজনা করছেন তানিম নূর। ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের শুরুর দিকে।
এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে আয়মান আসিব স্বাধীন ও সুষ্ময় সরকারের। নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে দর্শকদের সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্ন জগতে নিয়ে যেতে চায় ‘কানাভুলা প্যারাডক্স’। গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের আলাদা ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।
সিনেমাটি মূলত মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।
‘কানাভুলা প্যারাডক্স’ প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় চলচ্চিত্র। এর আগে প্রতিষ্ঠানটি ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসে।
‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও শরিফুল রাজ ও সাবিলা নূরের জুটি, সঙ্গে দুই নতুন পরিচালকের অভিষেক, সব মিলিয়ে ২০২৭ সালের ঈদুল আজহার সম্ভাব্য আলোচিত সিনেমার তালিকায় জায়গা করে নিতে পারে ‘কানাভুলা প্যারাডক্স’।