বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। আজ মঙ্গলবার কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের আমন্ত্রণে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে নেপালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়করণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সদিচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রসমূহ আরও সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।