আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে মোট সাত ধাপে। প্রথম ধাপের ভোটে গ্রহণ হবে ১২ নভেম্বর। প্রথম ধাপে ৮০টি উপজেলায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তখন তিনি জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সাংবাদিকদের জানান, প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে। প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হবে। ইসির পরিকল্পনা হলো, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা।