বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ পাবেন তিনি। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে। ’
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, ‘যারা চালক, বর্তমান যারা চালাচ্ছেন বৈধ হোক অবৈধ হোক, আপনারা আতঙ্কিত হবেন না। আমরা পর্যায়ক্রমে নিবন্ধন দেবো এবং অবৈধগুলো সরিয়ে দেবো। ’
জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ৭০০ ই-রিকশা থাকার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উত্তরের প্রশাসক বলেছেন যে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নাকি ৭০০ ই-রিকশা আছে। তাহলে আমি জামায়াতের সেক্রেটারিকেও বলবো, আপনিও আতঙ্কিত হবেন না।
আপনি পাঁচটা নিবন্ধন পাবেন বৈধভাবে, যদি আপনি নিতে চান। আর বাকিগুলো আপনাকে অন্যদের নামে নিবন্ধন নিতে হবে। ’