• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে: প্রধানমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবদুল বাতেনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পুনর্বাসন নিয়ে সরকারের অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর লিখিত জবাবে জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে রাজধানীর পল্লবী থানার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

তবে তিনি উল্লেখ করেন, “বিস্তারিত সমীক্ষা করে পল্লবী থানার আওতাভুক্ত বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

ক্যাম্পের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ

উর্দুভাষী নাগরিকদের ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ বিলের বিষয়টিও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। তিনি জানান, ২০১৬ সালের পূর্ব পর্যন্ত এই ক্যাম্পগুলোতে ব্যবহৃত বিদ্যুৎ বিল বাবদ মোট ৪০ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৫৩ টাকা বকেয়া ছিল।

এই বকেয়া পরিশোধের বিষয়ে তিনি বলেন, গত ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় বিরোধ নিষ্পত্তি কমিটির প্রথম সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে বকেয়া বিদ্যুৎ বিল পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে এ খাতে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পরিশোধের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category