চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় রূপনগরে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে এই সভার আয়োজন করে দলটির দাগনভূঞা উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন। এছাড়া বিশেষ অতিথি ও প্রবক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আলা উদ্দিন সাবেরী, যুব আন্দোলনের সভাপতি জাহেদ হোসেন চৌধুরী, দাগনভূঞা পৌর মেয়র প্রার্থী নুরুল আমিন মিরাজ এবং উপজেলার সিনিয়র সহসভাপতি মুফতী সোহাইল কাসেমী। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ উল্লাহ, আবদুর রশিদ জুয়েল, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আবু তাহেরসহ বেশ কয়েকজন মেম্বার ও কাউন্সিলর পদপ্রার্থী অংশ নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।