স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মাত্র ৫৪ হাজার বর্গমাইলের একটি এলাকায় বসবাস করি। এখানে দারিদ্র্য একটি বড় সমস্যা। ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে তেমন কোনো উন্নত কলকারখানা নেই। আমরা এসব অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই। রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সংগ্রাম হয়েছে, একটি ফ্যাসিস্ট রাজনৈতিক শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। এর ফলে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এ সম্ভাবনা হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।
তিনি বলেন, গণতন্ত্র যদি চর্চা হয়, তাহলে বাদবাকি সব সমস্যার সমাধান হবে। আমরা যদি ন্যায়বিচারের জন্য প্রভাবমুক্ত একটি বিচার বিভাগ তৈরি করতে পারি, তাহলে দেশের মানুষ উপকৃত হবে। আমরা আমাদের প্রশাসনকে যদি যোগ্য প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সমস্যা আছে অনেক, সমস্যা থাকবেই, বিরোধিতা থাকবেই। এর মাঝেও যদি আমরা আমাদের দেশের সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তুলতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, পাশের দেশ ভারতের দিকেই তাকিয়ে দেখুন, তাদের অনেক সমস্যা, তাদের সমস্যার শেষ নেই। তারপরও তাদের গণতন্ত্র টিকে গেছে। কিসের জন্য? তাদের গণতন্ত্র টিকে গেছে কারণ তাদের প্রশাসন, বিচার বিভাগ, মিডিয়াসহ যে প্রতিষ্ঠানগুলোর ওপর তারা নির্ভরশীল, সে প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী।
অ্যাডভোকেট মো. শেখ ফরিদের সঞ্চালনায় এবং ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।