জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত যেসব আইন বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংশোধন বা নতুনভাবে প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে (ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে) সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এই তথ্য জানান।
স্বাধীন বাংলাদেশে আইনি কাঠামো সুসংহত করতে দ্যা বাংলাদেশ ল’স (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট, ১৯৭৩ প্রণয়ন করা হয়েছিল, যার মাধ্যমে অনেক পুরোনো আইন সংশোধন বা বাতিল করা হয়। সমাজ ও সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরোনো যেসব আইন বর্তমানে অকার্যকর, সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে সেগুলোতে পরিবর্তন আনা হবে। পুরোনো আইনগুলো চিহ্নিত করার লক্ষ্যে ল’ কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। কমিশনের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরই সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।