• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর নতুন বৈঠকের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার অথবা শনিবার নতুন বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বোর্ডের কার্যক্রমে মালিক ও শ্রমিকপক্ষের একজন করে উপদেষ্টা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজুর নাম প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বৈঠকের তারিখ নির্ধারণের পাশাপাশি দুই পক্ষের প্রতিনিধিকে উপদেষ্টা হিসেবে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মজুরি বোর্ডই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘শ্রমিকপক্ষের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড।

এদিকে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতা নাজমা আক্তার ও তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়া জরুরি ছিল। প্রয়োজনে মালিকপক্ষের মজুরি প্রস্তাব পাওয়ার পর বৈঠক মুলতবি করা যেত।’ তাদের মতে, বোর্ডের কোরাম পূর্ণ থাকলে বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শ্রমিক নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ নিয়ে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বোর্ডের বৈঠক পিছিয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা বাড়তে পারে। দ্রুত বৈঠক করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।
এর আগে মালিকপক্ষ এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে অংশ নেওয়ার জন্য তাদের পূর্ণ প্রস্তুতি ছিল। প্রস্তুতি থাকা সত্ত্বেও বৈঠক স্থগিত হওয়ায় তারা দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছে। মালিকপক্ষের বক্তব্য, মজুরি নির্ধারণের আলোচনা বিলম্বিত না করে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য বোর্ডের পরবর্তী বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

পোশাকশিল্পে চলমান মজুরি অসন্তোষের মধ্যে নতুন করে মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পোশাক শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের পক্ষ থেকে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। তবে মজুরি বোর্ডে বিভিন্ন পক্ষের প্রস্তাব ও আলোচনার ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারিত হবে।

মজুরি বোর্ডের কাজের ওপর নির্ভর করছে শ্রমিকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচিও। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্য সামনে রেখে আলোচনা এগিয়ে নেওয়ার কথা রয়েছে। ফলে বোর্ডের পরবর্তী বৈঠককে ঘিরে মালিক ও শ্রমিক—উভয় পক্ষেরই প্রত্যাশা রয়েছে।

এ অবস্থায় মালিকপক্ষ আশা করছে, ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। তারা বলছেন, ১ ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। সুতরাং দ্রুততম সময়ে ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে মালিকরা প্রস্তুতি নেওয়ার সময় পাবেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন মালিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category