যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। রোববার (২৯ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ২১৬টি নিরপরাধ শিশু রয়েছে। নিহতের সংখ্যার পাশাপাশি আহতের তালিকাও দীর্ঘ হচ্ছে। এ পর্যন্ত ইরানে সাড়ে ২৬ হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ১ হাজার ৭৬৭টি শিশু রয়েছে। বিপুল সংখ্যক আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
সামরিক অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরানের স্বাস্থ্য ও জরুরি সেবা অবকাঠামো। প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে আহতদের চিকিৎসা ও ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, যার পাল্টা জবাব দিচ্ছে ইরানও।