চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর মধ্যে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির জন্য বুধবার দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন ও বায়েজিদ বোস্তামী থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাকলিয়ার জোড়া খুনের ঘটনাটি ঘটে গত বছরের ৩০ মার্চ রাতে। ওই দিন নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন এবং আরও দুজন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়। মামলাটিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় গুলিতে খুন হন সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় তার বাবা আবদুল কাদের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ডেভিড ইমনকে আসামী করা হয়।
গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।