• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল শিশুদের স্কুল নির্বাচনঃ ১০টি পরামর্শ ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী সেনা পরিবারে বড় হয়েছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

সুরা কাওসারের প্রেক্ষাপট ও শিক্ষা

মাওলানা মনিরুজ্জামান / ৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কাওসার কোরআনের সবচেয়ে ছোট সুরা। মাত্র তিনটি আয়াত। কিন্তু এর শিক্ষা অত্যন্ত ব্যাপক। এই আয়াতগুলোর মাধ্যমে মহান আল্লাহ তার প্রিয় রাসুল (সা.)-কে দিয়েছেন সান্ত্বনা, সুসংবাদ এবং চিরস্থায়ী বিজয়ের ঘোষণা। একই সঙ্গে মুমিনদের শিখিয়েছেন কৃতজ্ঞতা, একনিষ্ঠ ইবাদত ও আল্লাহর ওপর অবিচল আস্থার শিক্ষা। তাই সুরাটি সংক্ষিপ্ত হলেও অর্থ ও তাৎপর্যের দিক থেকে মুসলিম জীবনের জন্য এক অনন্য দিকনির্দেশনা।

সুরা কাওসার পবিত্র কোরআনের ১০৮তম সুরা। অধিকাংশ মুফাসসিরের মতে, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আরবি ‘কাসরাত’ ধাতু থেকে উদ্ভূত ‘কাওসার’ শব্দের অর্থ প্রচুর কল্যাণ, অফুরন্ত দান বা সীমাহীন অনুগ্রহ।

এই সুরা নাজিল হওয়ার পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.)-এর ছেলে কাসিম ও ইবরাহিম অল্প বয়সে ইন্তেকাল করলে কুরাইশের কিছু নেতা তাকে ‘আবতার’ অর্থাৎ বংশহীন বা উত্তরাধিকারশূন্য বলে বিদ্রƒপ করত। তখন মহান আল্লাহ এই সুরা নাজিল করে নবীজি (সা.)-কে সান্ত্বনা দেন এবং ঘোষণা করেন, প্রকৃত অর্থে বিচ্ছিন্ন ও নাম-নিশানহীন হবে তার শত্রুরাই।

মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুই হবে নাম-নিশানহীন।’ (সুরা কাওসার ১-৩)

‘কাওসার’ বলতে কী বোঝানো হয়েছে, এ বিষয়ে তাফসিরবিদরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে সহিহ হাদিসে স্পষ্টভাবে এসেছে, এটি জান্নাতের একটি বিশেষ নদী। (সহিহ মুসলিম)

অন্য বর্ণনায় এসেছে, ‘এর পানি দুধের চেয়েও শুভ্র, মধুর চেয়েও মিষ্টি এবং এর তীরে মুক্তার গম্বুজ রয়েছে। (সহিহ বুখারি)

তবে অধিকাংশ মুফাসসির বলেছেন, কাওসার শুধু জান্নাতের একটি নদীর নাম নয়, বরং মহান আল্লাহ প্রদত্ত সব ধরনের অফুরন্ত কল্যাণকেই বোঝায়। এর মধ্যে রয়েছে নবুয়ত, কোরআন, হেকমত, অসংখ্য অনুসারী, উম্মতের মর্যাদা, শাফায়াতের অধিকার এবং দুনিয়া ও আখেরাতের অগণিত নেয়ামত। অর্থাৎ মহান আল্লাহ তার প্রিয় নবী (সা.)-কে এমন সব অনুগ্রহ দান করেছেন, যার তুলনা নেই।

আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একদিন রাসুলুল্লাহ (সা.) মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসিমুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনার হাসির কারণ কী? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সুরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহসহ সুরা কাওসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো, কাওসার কী? আমরা বললাম, মহান আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাওজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে। তখন কতক লোককে ফেরেশতারা হাউজ থেকে হটিয়ে দেবে। আমি বলব, হে রব! সে তো আমার উম্মত। মহান আল্লাহ বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল।’ (সহিহ মুসলিম)

সুরার দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় ও কোরবানি করুন।’ এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মহান আল্লাহর নেয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা শুধু মুখের প্রশংসায় নয়, বরং ইবাদত ও আনুগত্যের মাধ্যমে প্রকাশ পায়। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত আর কোরবানি আল্লাহর প্রতি আত্মত্যাগ ও ভালোবাসার প্রতীক। উভয় ক্ষেত্রেই ইখলাস বা একনিষ্ঠতা অপরিহার্য। ইবাদতের উদ্দেশ্য হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন।

সুরাটির শেষ আয়াতে রয়েছে এক চিরন্তন সত্যের ঘোষণা। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনার শত্রুই হবে নাম-নিশানহীন।’ ইতিহাস এই ঘোষণার বাস্তব প্রমাণ বহন করে। যারা রাসুলুল্লাহ (সা.)-কে অপমান করেছিল, তারাই বংশহীন হয়েছে। অথচ নবীজি মুহাম্মদ (সা.)-এর নাম, আদর্শ ও শিক্ষা পৃথিবীর প্রতিটি প্রান্তে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হচ্ছে। প্রতিদিন কোটি কোটি মানুষ তার প্রতি দরুদ পাঠ করছে। এটি মহান আল্লাহর ঘোষণারই বাস্তব প্রতিফলন।

সুরা কাওসার আমাদের ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ কখনো অবজ্ঞা, ব্যর্থতা বা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়। তখন হতাশ না হয়ে মহাপন আল্লাহর ওপর ভরসা রাখা, তার দেওয়া নেয়ামতের কথা স্মরণ করা এবং ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জনের চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব। মানুষের বিদ্রুপ বা বিরোধিতা কখনো সত্যকে পরাজিত করতে পারে না। মহান আল্লাহ যাকে সম্মানিত করেন, তাকে অপমানিত করার ক্ষমতা কারও নেই।

আজকের সমাজে এই সুরার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। মানুষ সামান্য প্রাপ্তিতেই অহংকার করে, আবার সামান্য বঞ্চনায় হতাশ হয়ে পড়ে। অথচ সুরা কাওসার শেখায়, মহান আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে, ইবাদতে আন্তরিক থাকতে হবে এবং প্রতিকূলতার মধ্যেও আশাবাদ হারানো যাবে না। যে ব্যক্তি মহান আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় রাখে, শেষ পর্যন্ত সফলতা তারই জন্য নির্ধারিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category