বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ইজিবাইকে পরিবেশ দূষণকারী লেড ব্যাটারির ব্যবহারের পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে আর পরিবেশদূষণ ও কমবে এবং চালকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আজ (শুক্রবার, ৯ অক্টোবর) দুপুরে সিসিটিএসের কনফারেন্সে রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘ডেসকো উদ্যোগে রাজধানীর উত্তরখানে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহারের পাইলট প্রকল্প শুরু হয়েছে। এই ব্যাটারি ব্যবহার করলে ইজি বাইকের একবার চার্জের চলার দূরত্ব ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এতে চালকদের দৈনিক আয় ২০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।’
দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমদানিকৃত কয়লার পরিবর্তে দেশে ভূগর্ভে থাকা কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ বিষয়টিও গুরুত্ব পাবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কেন্দীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্র কমিটির শহর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ অনেকে।