নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। আশা করছি একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছেনা। তবে উপ-নির্বাচনে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপতৎপরতা রোধে আমাদেরকে সচেতন থাকতে হবে। বুধবার, ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টীম এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন কথা চিন্তা করছিনা, আপনারা ধরে নেন সেনাবাহিনী মোতায়েন হবে না। কারণ এখানে যে পরিমাণ ফোর্স আছে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুন ফোর্স থাকবে। এখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপও সুযোগ থাকবে না।’
ইসি আরও বলেন, ‘এবারও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। কেউ যেন কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পায় সেটা নিশ্চিত করা হবে। আর কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন সঙ্গে সঙ্গে সেটি যেন প্রতিহত করা যায় সে ধরনের সকল ব্যবস্থা নেয়া হবে।’
ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘এই এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল। তাদের সরলতাকে যে অপব্যবহার করা হবে না এটা আমরা বলতে পারি না, বা বাইর থেকে নির্বাচনে ক্ষতিগ্রস্ত করে আমাদের জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা থাকবে না এটাও আমরা বলতে পারি না। সুতরাং যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপতৎপরতা রোধে আমাদেরকে সচেতন থাকতে হবে।’
এর আগে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।