মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে পুনরায় গৃহবন্দী করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (১ মে) মিয়ানমার সরকার তার মোট সাজার মেয়াদ এক-ষষ্ঠাংশ (ছয় ভাগের এক ভাগ) কমানোর ঘোষণাও দিয়েছে। তবে সাজার বাকি অংশ এই নোবেলজয়ী নেত্রী গৃহবন্দী অবস্থায় কাটাবেন কি না, সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই ৮০ বছর বয়সী এই নেত্রীকে রাজধানী নাইপিদোর একটি কারাগারে বন্দি রাখা হয়েছিল। ক্ষমতাচ্যুত করার পর সামরিক জান্তা সরকার তার বিরুদ্ধে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক গুরুতর অভিযোগ এনে দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করে।