পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস-আদালত স্বাভাবিক নিয়মে খুলবে। আজ সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও লঞ্চ ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। একই সময়ে ঈদের তৃতীয় দিনেও অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য গত ১৭ মার্চ থেকে রাজধানী ফাঁকা হতে শুরু করেছিল। দীর্ঘ ছুটি পেয়ে বিপুল সংখ্যক মানুষ গ্রামে ছুটে যান। এবার অনেকেই যানজট ও ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরে আসছেন। যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে অফিস শুরু হবে বলেই তারা আজ ফিরছেন এবং আগে আসায় যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।
সোমবার সকালে গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে পৌঁছাতে শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে ধীরে ধীরে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে এবং এই চাপ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানান। তবে সকাল থেকে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
এদিকে ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ত্যাগকারী যাত্রীদের ভিড় দেখা গেছে। যারা ঈদের আগে যেতে পারেননি বা ভিড় এড়াতে চেয়েছিলেন, তারা এখন নির্বিঘ্নে যাতায়াতের জন্য ট্রেন বেছে নিয়েছেন।