• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি জানান, আগামী ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। এরপর ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে মাসব্যাপী পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে। ৫ আগস্ট বিজয় উদ্‌যাপনের মধ্য দিয়ে শেষ হবে ৩৬ দিনের এ আয়োজন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এ মাসের তাৎপর্য নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতেই ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, জুলাইজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, ক্রীড়া প্রতিযোগিতা, পেশাজীবীদের অংশগ্রহণে বিশেষ কর্মসূচিসহ গণঅভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাকে কেন্দ্র করে নানা আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন এবং ব্যানার-ফেস্টুনের মাধ্যমে জুলাই জাগরণ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কৃষকদের প্রত্যাশা নিয়ে আলোচনা, কফিন মিছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে, উত্তরার রক্তাক্ত জুলাই, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান, আহতদের স্মৃতিচারণ, যুব কনভেনশন, শ্রমিক সমাবেশ এবং উদ্যোক্তাদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে প্রবাসেও মাসব্যাপী কর্মসূচি পালিত হবে।

কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে। কমিটিতে মোট ২৬ জন সদস্য রয়েছেন।

সংবাদ সম্মেলনে আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, তারিকুল ইসলাম, আকরাম হোসাইন সিএফ, আশরেফা খাতুনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতীক। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে শহীদদের অবদান স্মরণ, গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category