সাধারণ মানুষের পাসপোর্ট করতে গিয়ে পদে পদে চরম হয়রানি, কাগজের অজুহাতে ভোগান্তি এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পাসপোর্ট সেবায় জেঁকে বসা এই দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের দুষ্টচক্র ভাঙতে সরকারের কাছে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য কর্মপরিকল্পনা প্রকাশের জোর দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পাসপোর্ট অফিসের এই বাস্তব চিত্র ও জনভোগান্তির নানা দিক তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে পাসপোর্ট করতে যাওয়ার অভিজ্ঞতাকে ‘আসল পরীক্ষা’ হিসেবে উল্লেখ করে বলেন, “অনলাইনে আবেদন করে, সরকারি ফি দিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে অফিসে হাজির হলেই শুরু হয় ঝামেলা। জন্মতারিখে গরমিল বা নামের বানানের সমস্যার কথা বলে আবেদন আটকে দেওয়া হয়। তখন মনে হয়, মানুষ পাসপোর্ট করতে আসেনি, বরং নিজের পরিচয় প্রমাণের জন্য কোনো গবেষণাপত্র জমা দিতে এসেছে!”
তিনি প্রশ্ন তোলেন, সরকারি কাউন্টারে যে কাগজকে ‘ত্রুটিপূর্ণ’ বলে আটকে দেওয়া হয়, অফিসের বাইরে দালালের শরণাপন্ন হয়ে সরকারি ফির বাইরে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা অতিরিক্ত দিলেই সেই একই কাগজ কীভাবে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত পাস হয়ে যায়? একই মানুষ ও একই কাগজপত্রের সমস্যাটা তাহলে আসলে কোথায়— সেই প্রশ্নও করেন তিনি।
ভোগান্তির চিত্র তুলে ধরতে গিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) খানা জরিপের তথ্য উল্লেখ করে তিনি জানান, পাসপোর্ট সেবা নিতে যাওয়া ৭৬.৬ শতাংশ পরিবারকে ঘুষ দিতে হয়েছে এবং ৮৪.৪ শতাংশ মানুষ কোনো না কোনো দুর্নীতির শিকার হয়েছেন। তিনি বলেন, গ্রামের একজন তরুণ যখন জমি বন্ধক রেখে বা ধারদেনা করে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, তখন তার ওপর এই অতিরিক্ত টাকার চাপ কতটা ভয়াবহ, তা শহরের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে বোঝা সম্ভব নয়। এই সংকট থেকে উত্তরণে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি জানান:
• প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার নির্দিষ্ট সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির তথ্য স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
• কোনো আবেদন আটকে দেওয়া হলে তার সুনির্দিষ্ট কারণ আবেদনকারীকে লিখিতভাবে জানাতে হবে।
• ঘুষের অভিযোগের জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
• পাসপোর্ট সেবার এই দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে সরকারের নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী এবং কত দিনের মধ্যে কী পরিবর্তন আসবে, তার অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করতে হবে।
সবশেষে তিনি যোগ করেন, নাগরিকেরা এখন এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেট লাগবে, কিন্তু কাজ শেষ করতে কোনো দালালের প্রয়োজন হবে না।