জুলাই গণঅভ্যুত্থানকালীন হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতিসহ পাঁচটি পৃথক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত দেন। তবে অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঁইয়া। তিনি শুনানিতে যুক্তি দেন যে, খায়রুল হকের বিরুদ্ধে গুরুতর হত্যা মামলার অভিযোগ রয়েছে, তাই এই পর্যায়ে তাঁর জামিন বহাল রাখা ঠিক হবে না। তদন্ত কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে তিনি আদালতের কাছে আরও ছয় মাস সময়ের আবেদন জানান। তবে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন গ্রহণ না করে হাইকোর্টের আদেশই বহাল রাখেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীনের করা তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির মামলা, নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানার দুটি মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা প্লট জালিয়াতির মামলা অন্যতম। সবকটি মামলাতেই তিনি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।