• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline

বিদেশ ভ্রমণে বাড়লো ডলার নেয়ার সীমা, এখন কত?

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশী নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে বার্ষিক বৈদেশিক মুদ্রা বা ডলার খরচের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এত দিন এই সীমার পরিমাণ ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে সব অনুমোদিত ডিলারকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সার্কুলারে জানানো হয়, বাংলাদেশী নাগরিকদের বিদেশ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বার্ষিক এনডোর্সমেন্ট সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সীমা বাড়ানো হলেও অপ্রাপ্তবয়স্ক বা ১২ বছরের কম বয়সীদের জন্য নিয়মটি আগের মতোই বহাল থাকছে। অর্থাৎ অপ্রাপ্তবয়স্করা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ অর্ধেক বা ৫০ শতাংশ পর্যন্ত ডলার খরচ করতে পারবেন।

নতুন নিয়মে নগদ ডলার বহনের ক্ষেত্রে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, অনুমোদিত সর্বোচ্চ সীমার মধ্যে কোনো যাত্রী নগদ মার্কিন ডলারের নোট আকারে সর্বোচ্চ ৫ হাজার ডলার সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ সীমার বাকি অংশ কার্ড বা অন্য কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলে ব্যবহার করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য যাবতীয় নিয়ম ও নির্দেশনা আগের মতোই অপরিবর্তিত থাকবে। এই নির্দেশনা অবিলম্বে সব অনুমোদিত ডিলার ও সংশ্লিষ্ট গ্রাহকদের নজরে আনার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category