আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং গণহত্যার পক্ষের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় মূলধারার মিডিয়া ও তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি সরকারের তথ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র রুমিন ফারহানা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। আর বিএনপি সরকারও সন্ত্রাসলীগ পুনর্বাসনকেন্দ্রের বড় বড় ত্রাণকর্তাদের হাতে মিডিয়ার মাইক এভাবে ছেড়ে দেওয়ার মাশুল গুনতে শুরু করেছে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আন্দালিব রহমান পার্থের ভূমিকা প্রসঙ্গে তিনি লেখেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আন্দালিব রহমান পার্থের কাজ অবশ্যই জুলাইয়ে প্রোফাইল লাল করে কার পরিণতি কী হবে, এই সতর্কতা দিয়ে বেড়ানো না। লীগের মাউথপিসের সাউন্ড অ্যারোগেন্টলি বেড়ে যাওয়ার সম্পূর্ণ দায় তাদের।
রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আশরাফ মাহদি লেখেন, রুমিন ফারহানা গণহত্যাকারীদের পক্ষ নিয়ে সম্প্রতি আবারও কথা বললেন। নির্লজ্জের মতো আবদার করলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংলাপ সম্ভব না। গতকাল টকশোতে তিনি আরও বলেছেন, তিনি আওয়ামী লীগের জায়গায় হলে ক্ষমা চাইতেন না।
তিনি আরো লেখেন, আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির জন্য এর চেয়েও ভয়ংকর কথাবার্তা রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে বলে আসছেন। একটি ‘টেররিস্ট সংগঠনের মুখপাত্রের’ বক্তব্য গণমাধ্যম কেন বাধাহীনভাবে প্রচার করছে, সে বিষয়ে জবাবদিহি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে আশরাফ মাহদি লেখেন, ডি-আওয়ামীফিকেশনের জন্য প্রথম কার্যকর পদক্ষেপ হচ্ছে এসব মুখপাত্রকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।