বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় অতিরিক্ত ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (৩ আগস্ট) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা দেশটির দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবেই এই অতিরিক্ত অর্থায়ন দেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।
তিনি জানান, নতুন এই অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা প্যাকেজের অংশ।
অস্ট্রেলিয়ান হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বাংলাদেশ ও মিয়ানমারের জন্য দেশটি ১ দশমিক ২৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে।