• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক হাসিনার পাসপোর্ট ঘিরে ধোঁয়াশা, অনুমতি ছাড়াই ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল! জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কণ্ঠ: প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, চাই কার্যকর জলবায়ু সুবিচার

হাসিনার পাসপোর্ট ঘিরে ধোঁয়াশা, অনুমতি ছাড়াই ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল!

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি আইনি প্রতিষ্ঠান থেকে হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ করা হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক ইমেইলে এ অনুরোধ করা হয়েছে। তবে ওই ইমেইলে আইনি প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অথরাইজেশন নেই এমনটিই জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান। ইমেইলে পাঠানো অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাইদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। তিনি বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) সকালে এ সংক্রান্ত খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। খবরে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার করা এই আবেদনের একটি চিঠি দেখে উল্লেখ করে রয়টার্স বলেছে, ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে? আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।’

এরপর গতকাল (৮ নভেম্বর) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল অধস্তন আদালতের বিচারকদের একটি কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।’

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলোর অধীনে থাকা বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনগুলো ‘দ্রুততম সময়ে’ নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও দিল্লিতে প্রীতি রহমান ও ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

উল্লেখ্য, ভারতে যাওয়ার পর বিভিন্ন সময়েই হাসিনা বলে এসেছেন, এ বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরে আসতে চান।

এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।

অন্যদিকে, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুনেছি দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। ’

বিভিন্ন স্থানে ককটেল হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category