• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর দায় কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, গত ২৭ মে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পেছনে সম্পূর্ণ দায় হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের। এমনকি হাসপাতালটি যে ভবনে পরিচালিত হচ্ছে, সেটিও আদর্শ চিকিৎসা কার্যক্রমের জন্য উপযুক্ত নয়।

তদন্তে দেখা গেছে, হাসপাতালের মাত্র ৯০০ বর্গফুটের ২ নম্বর পোস্ট-অপারেটিভ কক্ষে ধারণক্ষমতার বাইরে গিয়ে প্রায় ৫০ জন রোগী ও স্বজন অবস্থান করছিলেন। সেখানে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, জরুরি ওই মুহূর্তে সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বরত নার্সদেরও আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়ার কোনো প্রশিক্ষণ ছিল না। নবজাতকদের অবস্থার অবনতি হলে স্বজনরা বারবার আকুতি জানালেও নার্সরা কোনো চিকিৎসককে ডাকেননি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে এটি এখনই বন্ধ করা হচ্ছে না। তবে আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category