সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের সাম্প্রতিক হামলাকে ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইল’ বা জিম্মি করার অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রিয়াদে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে এই হামলার ঘটনা ঘটে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ অভিমুখী চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
হামলার সময় নির্ধারণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সম্মেলনের সময়টিকে হামলার জন্য বেছে নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য ছিল সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের মনে ভীতি সঞ্চার করা এবং ইরান যে তাদের আগ্রাসন থেকে পিছু হটবে না, সেই বার্তা দেওয়া।
এ ধরনের আগ্রাসী আচরণের কঠোর সমালোচনা করে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, এই হামলায় সৌদি আরব মোটেও ভীত নয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরান যতক্ষণ এমন আচরণ অব্যাহত রাখবে, ততক্ষণ তাদের কোনোভাবেই বৈধ অংশীদার হিসেবে মেনে নেওয়ার সুযোগ নেই। দুই দেশের মধ্যে সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল, এই হামলার মাধ্যমে তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।