বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গত ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় সাইফুর রহমান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।