প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের লন্ডনের চেলসি ক্লাবে খেলার সুযোগ পাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর তিনি জানিয়েছেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মূলত লন্ডনে স্কুল পর্যায়ে খেলার সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে ডাক পেয়েছিলেন জাইমা।
দেশের সাবেক এই তারকা গোলরক্ষক জানান, জাইমা রহমান লন্ডনে পড়াশোনার সময় স্কুলের দলে গোলকিপিং করতেন। এই কথা তিনি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকেই জেনেছিলেন। চেলসির বয়সভিত্তিক দল থেকে খেলার প্রস্তাব এলেও তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মেয়ের পড়াশোনাকে বেশি গুরুত্ব দেন। ক্রীড়াপ্রেমী হওয়া সত্ত্বেও তারা চেয়েছিলেন মেয়ে আগে শিক্ষাজীবন শেষ করুক।
নিজের মন্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মিরপুর স্টেডিয়ামে খেলা দেখার সময় জাইমা রহমানের সাথে তার কথা হয়েছিল। সেসময় জাইমা নিজেই তাকে জানিয়েছিলেন যে, স্কুলেও তিনি আমিনুলের মতো গোলকিপিং করতেন। শারীরিক উচ্চতা বেশি হওয়ায় এই জায়গায় তার ভালো দক্ষতা ছিল।
আমিনুল আরও উল্লেখ করেন যে, ইউরোপের স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বেড়ে ওঠার একটি সাধারণ অংশ। জাইমারও খেলার প্রতি তীব্র আগ্রহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের ইচ্ছাতেই তিনি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন।