অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকালের সেশনে বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে ৫টি বিলই দেশের বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরগুলোর পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে ‘উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন সংক্রান্ত। এখন থেকে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা এবং রংপুরে নির্দিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকর হবে।
পাস হওয়া বিলগুলো হলো:
১. নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
২. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
৩. ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
৪. কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
৫. রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬
৬. বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬
৭. বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬
৮. আমানত সুরক্ষা বিল, ২০২৬
৯. এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬
১০. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬
শুক্রবার সকালে অধিবেশন শুরু হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় দীর্ঘ আলোচনার প্রয়োজন পড়েনি। ফলে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে বিলগুলো দ্রুত পাস হয়ে যায়।
বিশেষ করে ‘আমানত সুরক্ষা বিল’ এবং ‘ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন বিল’ পাস হওয়ার ফলে দেশের আর্থিক ও রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ সংস্কার সাধিত হবে বলে মনে করা হচ্ছে।
বিভাগীয় শহরগুলোতে উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার ফলে ওই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। আজ পাস হওয়া বিলগুলো এখন রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে।