তরুণ উদ্যোক্তাদের কোনো জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে সরকার। এই কর্মসূচিতে (উদ্যোগ) দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় থাকা আট জেলা হলো ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনও আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।
এর আগে গত ১ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থের জোগান আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
বাংলাদেশ ব্যাংকের কর্মসূচিটির নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। এর লক্ষ্য উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।