মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তবে সেই ঘোষণা তিনি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে—সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর খ্যাত বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। তিনি স্পষ্ট করে বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে যেমন মুছে ফেলা যাবে না, ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কোনোদিন ইতিহাস থেকে মুছে দেওয়া সম্ভব নয়।
দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রেক্ষাপট তুলে ধরে বঙ্গবীর বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপির কোনো অস্তিত্ব থাকত না, আর এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে আওয়ামী লীগ। তার মতে, ঐতিহাসিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই আওয়ামী লীগ এবং বিএনপি—উভয় দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার ও শক্ত ভিত্তি রয়েছে।
জিয়াউর রহমানকে ‘মুক্তিযুদ্ধের প্রবাদপুরুষ’ হিসেবে আখ্যায়িত করে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষকও তিনি, তবে সেটি ছিল বঙ্গবন্ধুর পক্ষে। এ সময় তিনি বিএনপির কিছু নেতার সমালোচনা করে বলেন, অনেকেই জিয়ার ঘোষণার সেই ঐতিহাসিক লাইনটি—”On behalf of our national leader Bangabandhu Sheikh Mujibur Rahman”—এর প্রকৃত অর্থ বুঝতে চান না বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যান্য বরেণ্য নেতাদের অসামান্য অবদানের কথাও স্মরণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, দেশের ইতিহাসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক এবং শামসুল হকের মতো নেতাদের অবদানও কখনো মুছে ফেলা যাবে না।