শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজকে দুর্বল করার পাশাপাশি বিগত সরকার পরিকল্পিতভাবে তরুণদের মাদকের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরের এডিপির (বিশেষ) বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের উন্নয়নে শিক্ষিত, সুস্থ ও কর্মক্ষম যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের জ্ঞান, বিজ্ঞান, সৃজনশীলতা এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ছাত্রীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।