নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজ কর্মস্থলে প্রথম দিনেই নিরপেক্ষতার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন রুহুল কুদ্দুস কাজল। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে প্রথম কর্মদিবসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে বিএনপির রাজনৈতিক আদর্শ ধারণ করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় বিষয় কোনোভাবেই বিবেচনা করা হবে না।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পক্ষে নিজের জোরালো অবস্থানের কথা তুলে ধরেন নতুন অ্যাটর্নি জেনারেল। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুল বা অপতথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। এছাড়া সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানান রুহুল কুদ্দুস। তিনি বলেন, “আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব। বিশ্বাস করি, তিনি আমার অনুরোধ বিবেচনা করবেন।”
শিক্ষাজীবন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে কূটনীতিক হিসেবে চাকরির সুযোগ দিয়েছিলেন উল্লেখ করে তাঁর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকার কথা জানান রুহুল কুদ্দুস কাজল। ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শে বিশ্বাসী হলেও পেশাগত জায়গায় শতভাগ নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, “রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমি কাজ করব। আমার নিরপেক্ষ আদর্শের জায়গায় আমি অটল থাকব। ফলে কোনো তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দেব না।”
দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্নের কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কারো বিচার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। পাশাপাশি, তরুণ আইনজীবীরা যেন দ্রুততম সময়ের মধ্যে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে নিজেদের আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন, সে বিষয়েও কার্যকর সহায়তা করার আশ্বাস দেন তিনি।