যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’–এ সালভাতোরে ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা ভিনসেন্ট পাস্তোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পিপলসের প্রতিবেদনে জানা যায় শনিবার (১ আগস্ট) নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসায় অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কয়েক দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে এক প্রতিবেশী বাড়িতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। অভিনেতার মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ করে ডেডলাইন। পরে তার প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার রবার্ট অল্টম্যান নিশ্চিত করেছেন, পাস্তোরে নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকবার্তায় রবার্ট অল্টম্যান বলেন, ভিনসেন্ট ছিলেন অত্যন্ত উদার একজন মানুষ। তিনি কখনো কোনো ভক্তকে ছবি বা অটোগ্রাফ দিতে ফিরিয়ে দিতেন না। অভিনয়ের প্রতি তার ছিল গভীর ভালোবাসা, আর নতুন শিল্পীদের সবসময় উৎসাহ ও সহযোগিতা করতেন।
১৯৯৯ সালে প্রচার শুরু হওয়া এইচবিওর কালজয়ী সিরিজ ‘দ্য সোপ্রানোস’–এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ভিনসেন্ট পাস্তোরে। পাশাপাশি তিনি ‘গুডফেলাস’, ‘মেন অব রেসপেক্ট’, ‘দ্য জার্কি বয়েজ: দ্য মুভি’, ‘গোত্তি’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘দ্য প্র্যাকটিস’ এবং ‘হাওয়াই ফাইভ-’–সহ অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশনের প্রজেক্টে অভিনয় করেছেন। তার মৃত্যুতে হলিউড ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।