কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা বলেছেন, খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেট ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে। অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না, এতে বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয় উল্লেখ করে আমির হামজা বলেন, ‘কিন্তু সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা বাজেট ধরা হলে, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপরে আসত না।’ এ সময় তিনি কিছু পণ্যে দাম বাড়ানো-কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন।
তিনি বলেন, ‘নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।
সরকার বিষয়টি বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।