আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিতে নতুন চমক নিয়ে এসেছেন ল্যাটিন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক বার্না বয়। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর প্রচারণায় তারা যৌথভাবে প্রকাশ করেছেন বিশ্বকাপের নতুন অফিশিয়াল ট্র্যাক ‘দাই দাই’।
হান্না লাক্স ডেভিসের পরিচালনায় মিয়ামিতে ধারণ করা এই মিউজিক ভিডিওটি রীতিমতো তারকায় ঠাসা। বর্তমান ফুটবল বিশ্বের প্রায় সব বড় তারকাই এতে স্ক্রিন শেয়ার করেছেন।
ফুটবলারদের উপস্থিতি: ভিডিওটিতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড, হ্যারি কেন, রদ্রি, জামাল মুসিয়ালা এবং ক্রিশ্চিয়ান পুলিসিকের মতো মাঠ কাঁপানো ফুটবলারদের দেখা গেছে।
বিশেষ আকর্ষণ: উগান্ডার অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বনামধন্য সংস্থা ‘ঘেটো কিডস’ এই মিউজিক ভিডিওতে অংশ নিয়ে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।
ঐতিহাসিক স্থান: মেক্সিকো সিটির পর্যটন কর্তৃপক্ষের সহায়তায় ভিডিওর একটি বিশেষ অংশে শাকিরাকে সেখানকার ঐতিহাসিক ভাস্কর্য ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর একেবারে চূড়ায় পারফর্ম করতে দেখা যায়।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ফাইনালে একটি নতুন ইতিহাসের জন্ম হতে চলেছে। ফিফা এবারই প্রথম মেগা এই আসরের ফাইনালে ‘হাফটাইম শো’ বা বিরতির সময় জমকালো কনসার্টের আয়োজন করেছে। এই ঐতিহাসিক মঞ্চে কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা এবং বিশ্বকাঁপানো কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’-এর পাশাপাশি মূল আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা। ওই দিন বার্না বয়কে সঙ্গী করে সরাসরি ‘দাই দাই’ গানটি পরিবেশন করবেন তিনি।
নিছক বিনোদন বা উন্মাদনা নয়, এই গানটি প্রকাশের পেছনে রয়েছে একটি বিশাল দাতব্য লক্ষ্য। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিশিয়াল অ্যান্থেম হিসেবে এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো ২০২৬ সালের ফাইনালের আগে বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলারের একটি তহবিল গঠন করা।
এই মহৎ উদ্যোগে আর্থিক সহায়তার রূপরেখা:
শাকিরার অনুদান: শাকিরা ঘোষণা দিয়েছেন, এই গান থেকে তিনি যত রয়্যালটি পাবেন, তার পুরোটাই এই তহবিলে নিঃশর্তভাবে দান করবেন। এছাড়া তার আসন্ন কনসার্ট ট্যুর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’-এর প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই ফান্ডে দেওয়া হবে।
সোনি মিউজিকের অংশগ্রহণ: পিছিয়ে নেই প্রযোজনা সংস্থাও; সোনি মিউজিক ইতিমধ্যে প্রাথমিক অনুদান হিসেবে আড়াই লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।