আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
শপথের সময়সূচি ও স্থান
আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করছেন। এমপিদের শপথের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
ঐতিহ্য ভেঙে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ
ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা পরিবর্তন করা হয়েছে। আসিফ নজরুল জানান, বিএনপির অভিপ্রায় অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে তিনি উল্লেখ করেন।
কেন দক্ষিণ প্লাজা?
বঙ্গভবনের পরিবর্তে দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আইন উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা ওতপ্রোতভাবে জড়িত।”
তিনি আরও উল্লেখ করেন, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদীর জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করেই সেখানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আমন্ত্রিত অতিথি
শপথ অনুষ্ঠানে অতিথিদের বিষয়ে তিনি বলেন, “কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে আমার জানা নেই।”