দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে আগামী কয়েক বছর স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীসহ সকল অংশীজনের আস্থা অর্জন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একই সাথে তিনি সতর্ক করেছেন, “রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। ”
রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়েছেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, বর্তমানে রাষ্ট্রকে একটি ‘দোধারী লড়াই’ চালিয়ে যেতে হবে। একদিকে যেমন দেশে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করা প্রয়োজন, অন্যদিকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জুলাইয়ের মূল আকাঙ্ক্ষার বাস্তবায়ন—এই দুই বিষয় একে অপরের বিপরীত নয়। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি লেখেন, “লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উলম্ফন দরকার। ” এ জন্য জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার উর্ধ্বমুখী সামাজিক ও রাজনৈতিক গতিশীলতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সকল অনাহুত সংকট দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পোস্টে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূরীকরণের বিষয়ে তিনি উল্লেখ করেন, বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেমন রাজনৈতিক ও সামাজিক সংগ্রাম চালাতে হবে, তেমনই একই সাথে নতুন রাষ্ট্র গঠনেও মনযোগী হতে হবে।
রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্ক করে মাহফুজ আলম লেখেন, “রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনটাই ঘটতে না দেয়া। “