• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

‘বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাত উন্নয়নে বিনিয়োগ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিশেষ করে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বন্দর ও আর্থিক সেবা খাতে দুই দেশের যৌথ সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে উভয় পক্ষ। বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার বিনিয়োগ ভবনে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ এবং তার প্রতিনিধিদলের সঙ্গে এক ফলপ্রসূ আলোচনা সভায় এ আগ্রহের কথা জানানো হয়।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী।

এ ছাড়া পিপিপিএ, বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণের ওপর সরকারের গুরুত্বারোপকে স্বাগত জানান।

তিনি বলেন, এই অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব ভিশন ও কৌশলের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ জানান, সৌদি আরব বর্তমানে বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশি বিনিয়োগে সহযোগিতা দিচ্ছে।

তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বড় সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
আলোচনায় সৌদি উপমন্ত্রী চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সৌদি প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’র সফল কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, আরএসজিটির বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মীই বাংলাদেশি। টার্মিনাল পরিচালনায় দক্ষতা তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে বিনিয়োগ বৃদ্ধির আরও সুযোগ অনুসন্ধানে আরএসজিটি আগ্রহী বলে জানান তিনি।

উভয়পক্ষই পারস্পরিকভাবে লাভজনক প্রকল্পগুলো এগিয়ে নিতে বর্তমান সময়ের ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমাদের আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও তার দৃঢ় সামঞ্জস্য আছে—বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, যা কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বন্দর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ আর্থিক সেবা খাতেও বিনিয়োগ সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও যোগ করেন, আমরা ইতোমধ্যে একাধিক সৌদি কোম্পানির সঙ্গে কাজ করছি, যাতে তারা বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো ভালোভাবে বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ-সংক্রান্ত আলোচনা আরও এগিয়ে নেওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category