বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সংবাদ তাঁর বা তাঁর দলের বিরুদ্ধে গেলেও তা অকপটে প্রকাশ করা উচিত। গণমাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১ আগস্ট) সিলেটের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদের ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজকে সচেতন রাখে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করে। গণমাধ্যমকে সমাজের আয়না উল্লেখ করে তিনি বলেন, একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো তথ্য বিকৃত না করে সত্য মানুষের সামনে তুলে ধরা। এ কারণেই সাংবাদিকদের সমাজের বিবেক বলা হয়।
দৈনিক জালালাবাদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, পত্রিকাটির অঙ্গীকার হওয়া উচিত—কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে জনগণের মুখপাত্র হিসেবে কাজ করা। কোন দল কখন রাষ্ট্রক্ষমতায় আসবে, সেটি আল্লাহর ফয়সালা হলেও গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হবে।
তিনি বলেন, এই নীতিগত অবস্থান বজায় রাখতে গিয়ে কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়লেও নীতির সঙ্গে আপস করা উচিত নয়। এমনকি পরিস্থিতি কঠিন হয়ে পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি থেকে সরে যাওয়া উচিত হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, পত্রিকার পৃষ্ঠাসংখ্যা কম হতে পারে, কিন্তু সংবাদ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এবং জনগণের কথা তুলে ধরতে হবে। সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সংবাদ তাঁর বিরুদ্ধে কিংবা তাঁর দলের বিরুদ্ধে গেলেও যেন পত্রিকাটি সত্য প্রকাশ থেকে পিছিয়ে না যায়।
বর্তমান সমাজে আস্থার সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস কমে যাওয়া সমাজের অন্যতম বড় সমস্যা। দৈনিক জালালাবাদ তার নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই আস্থার সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষে দৈনিক জালালাবাদ পরিবারের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াত আমির। পাশাপাশি দেশের গণমাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
সুধী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদের সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুকতাবিস উন নূর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াদুদ টিপুসহ সিলেটের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।