দুই নারীর সম্পর্ক মানেই প্রতিযোগিতা, হিংসা কিংবা রেষারেষি—এমন প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ভারতের অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তাঁদের মতে, স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই একে অপরের শত্রু—এ ধারণা বাস্তবের চেয়ে সমাজের তৈরি করা মানসিকতা।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-কে ঘিরে এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন দুই অভিনেত্রী। ছবিতে একজন একই পুরুষের প্রাক্তন স্ত্রী, অন্যজন বর্তমান স্ত্রী হলেও তাঁদের সম্পর্ককে প্রচলিত দ্বন্দ্বের বাইরে দেখানো হয়েছে।
দুই অভিনেত্রীর পরিচয় ও বন্ধুত্বের শুরু কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবির সময়। জয়ার ভাষ্য, সেই ছবি থেকেই চূর্ণীর কাছ থেকে তিনি আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন। এমনকি তাঁর চরিত্রের পোশাক, সাজসজ্জা ও লুক নিয়েও চূর্ণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে ১০ জুলাই। ২০২৩ সালের আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-র ধারাবাহিকতায় নির্মিত এ ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন।