দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরো ৯৫০ জনের মধ্যে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে। হাম আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১ হাজার ৮৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
এদিকে, নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৫৭ জন। একই সময়ে আরো ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।